Blog

সিলেট ও আশপাশে ভোররাতে ভূমিকম্প আতঙ্ক

ডেস্ক নিউজ
সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে অনেকেই ঘুম থেকে জেগে ওঠেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ব্যবহারকারী ভূকম্পন অনুভব করার কথা জানিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (USGS)–এর তথ্যমতে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায় এবং এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।

এছাড়া ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যেও একই মাত্রার ভূকম্পনের কথা উল্লেখ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নগরীর জিন্দাবাজার, আম্বরখানা, উপশহর, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে একটি ভূমিকম্পপ্রবণ এলাকা। অতীতেও বিভিন্ন সময়ে এখানে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।

Share this post

Leave a Reply