Blog

মুন্সিগঞ্জে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল অনুমোদন

ডেস্ক নিউজ
মুন্সিগঞ্জ জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন শেষ হলে পর্যায়ক্রমে একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় দেশের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে মুন্সিগঞ্জে স্থাপিত হতে যাচ্ছে দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) জারি করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মেডিকেল কলেজ ও হাসপাতালের অবকাঠামোগত কাজ সম্পন্ন হওয়ার পর একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার

সংশ্লিষ্টদের মতে, নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের ফলে মুন্সিগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষায় প্রবেশের সুযোগ বাড়বে। একই সঙ্গে স্থানীয় জনগণ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৯ নভেম্বর অন্তর্বর্তী সরকার একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দেয়। অনুমোদনপ্রাপ্ত ওই প্রতিষ্ঠানটি হলো ঢাকার জুরাইন এলাকার ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ, যেখানে চলতি শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু হওয়ার কথা রয়েছে।

Share this post

Leave a Reply